
“আর কোনো দিন নিউজ হলে হাত-পা ভেঙে দেব, কথা না শুনলে একেবারে হত্যা করব”—শত শত মানুষের সামনে এক সাংবাদিককে ঠিক এভাবেই প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক ফারুক হোসেন জাতীয় দৈনিক ‘জনবাণী’ পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি। হুমকিদাতারা হলেন একটি হত্যা মামলায় জামিনে থাকা চিহ্নিত আসামি লাজু মিয়া এবং উপজেলা সমাজসেবা অফিসের বহুল বিতর্কিত পিয়ন ফুল মিয়া।
জানা গেছে, সম্প্রতি স্থানীয় পত্রিকা ‘গণ উত্তরণ’-এ “সমাজসেবা কর্মীর কলকাঠিতে সংসার ভাঙল চম্পার” শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, ফুল মিয়া সমাজসেবা অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হলেও এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। ওই সংবাদের জেরে ক্ষিপ্ত হয়ে ফুল মিয়া বিকেলে সাংবাদিক ফারুক হোসেনকে মুঠোফোনে ডেকে উপজেলার শান্তির মোড় এলাকায় নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন শান্তির মোড়ে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকেই ওত পেতে থাকা হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি লাজু মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা চড়াও হয়। শত শত মানুষের উপস্থিতিতে সমাজসেবা অফিসের পিয়ন ফুল মিয়া ও লাজু সাংবাদিক ফারুকের ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাধা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে যাওয়ার আগে জামিনে থাকা আসামি লাজু ঔদ্ধত্য দেখিয়ে সাংবাদিক ফারুককে হাত-পা ভেঙে ফেলাসহ হত্যার প্রকাশ্য হুমকি দেয়।
ঘটনার সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যে সংবাদকে কেন্দ্র করে এই প্রাণনাশের হুমকি দেওয়া হলো, সেই সংবাদ প্রকাশের সঙ্গে ফারুক হোসেনের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। তিনি এমনকি ওই ‘গণ উত্তরণ’ পত্রিকার প্রতিনিধিও নন। কোনো যাচাই-বাছাই ছাড়া সম্পূর্ণ নির্দোষ একজন পেশাদার গণমাধ্যমকর্মীর ওপর এভাবে প্রকাশ্যে চড়াও হওয়া এবং হত্যা মামলার আসামিকে সঙ্গে নিয়ে ত্রাস সৃষ্টির ঘটনায় পুরো উপজেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক ফারুক হোসেনের সাথে কথা বললে তিনি দু:খ প্রকাশ করে বলেন আমাকে জনসম্মুখে হত্যার হুমকি মানেই গণ মাধ্যমের উপর হুমকি। তিনি আরো জানান আমি কোন ভাবেই এই সংবাদ প্রকাশের সাথে জড়িত না থাকার পরও কেন কোন কারনে এমন হুমকি দেযা হল এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি আমার গন মাধ্যম সহযোদ্ধাদের নিকট অভিযোগ দায়েরের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি।
সরকারি দপ্তরের একজন সাধারণ পিয়ন হয়ে ফুল মিয়া কার শক্তিতে হত্যা মামলার আসামিদের সঙ্গে নিয়ে এলাকায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, তা নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনায় ফুলছড়িতে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা অবিলম্বে হুমকিদাতা ফুল মিয়া ও লাজুসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(ঘটনার নেপথ্যের আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত আসছে আগামী পর্বে…)
নিজস্ব প্রতিবেদক 
















