
লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বরত সদস্যদের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে স্থানীয় চার বিএনপি নেতাসহ মোট ছয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরবর্তীতে বিজিবির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করেছে পাটগ্রাম থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকার ধরলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় নদী থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন জওয়ানরা।
ড্রেজার মেশিন আটকের খবর ছড়িয়ে পড়লে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী সরাসরি বিজিবি ক্যাম্পে অনধিকার প্রবেশ করেন। তারা ক্যাম্পের ভেতর উগ্র আচরণ করে দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর চড়াও হন, অকথ্য ভাষায় হুমকি-ধমকি দেন এবং জব্দ করা ড্রেজার মেশিন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালান। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ঘটনাস্থল থেকেই ছয়জনকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান জানান, বিজিবি ক্যাম্পে চড়াও হয়ে সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় আটক ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.