
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৩) এবং একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আরিফুল ওরফে গোলাপি আরিফ (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশপাড়ায় অভিযান চালায়। এ সময় সুমন মিয়ার টিনশেড বসতবাড়ির শয়নকক্ষে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে দেহাতল্লাশি চালিয়ে সুমন মিয়ার কাছ থেকে ৫১ পিস কমলা রঙের ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন এবং আরিফুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান শেষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.