
রাত তখন সাড়ে ৯টা। চারপাশের নীরবতা ভেঙে হঠাৎ গর্জে উঠল স্লোগান—‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। হাতে শক্ত লাঠি, চোখে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা।
এভাবেই শনিবার রাতে মাদকবিরোধী তীব্র প্রতিরোধে রাজপথে নামেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জের সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম।
‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর ব্যানারে হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে বের হয় এই ব্যতিক্রমী লাঠি মিছিল। মিছিলটি হাসানগঞ্জ বাজার ও খুজিয়ারমোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ‘মাদক ব্যবসা চলবে না’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’—এমন স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা প্রশাসনের দায়সারা অভিযানের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। সংগঠনের সভাপতি আ. রহমান শিপন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, “মাদক নির্মূল কেবল বিচ্ছিন্ন কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়। মাঝেমধ্যে লোকদেখানো অভিযানে কাজ হবে না; মাদকের মূল উৎস, গডফাদার ও সরবরাহকারীদের সরাসরি আইনের আওতায় আনতে হবে। হাসানগঞ্জকে বিষমুক্ত করতে এবার পুরো সমাজকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি আমরা।” মাদক কারবার বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। মাদকের সঙ্গে যুক্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না এবং তথ্য পেলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.