
কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টার মাথায় ‘জয় বাংলা’ স্লোগানে পাল্টা মিছিলের চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে থানা ফটকের সামনে পৌঁছাতেই পুলিশের অ্যাকশনে ভণ্ডুল হয়ে যায় তাদের সেই শোডাউন। ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর ১৩ জনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুরাদনগর সদর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ফিরে যাওয়ার ঘণ্টা তিনেক পর হঠাৎ উত্তেজনা ছড়ায়। সন্ধ্যার দিকে ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৭০-৮০ জন নেতাকর্মী।
সেখান থেকে আকস্মিকভাবে ‘জয় বাংলা’ স্লোগান তুলে একটি ঝটিকা মিছিল নিয়ে মুরাদনগর থানা গেটের দিকে এগোতে থাকে তারা। মিছিলটি থানার মূল ফটকের কাছাকাছি পৌঁছামাত্র পুলিশ কঠোর অবস্থান নিয়ে তাদের ধাওয়া দেয়। এতে মুহূর্তের মধ্যে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে পুলিশের ভাষ্যমতে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ডি.আর হাইস্কুল মাঠে জড়ো হওয়ার পরপরই তাদের ঘেরাও করে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাসান ভূঁইয়া (১৮), সাইফুল ইসলাম (১৮), তানজিদ (১৮), হানিফ ভূঁইয়া (১৯), মহিনুল ইসলাম (১৮), হৃদয় ভূঁইয়া (১৪), মাসুদ (১৪), ইয়াছিন (১৬), শাহেদ (১৮), আতিক (১৮), আসিফ (১৮), মোবারক (১৯) ও তানভীর হোসেন (১৪)। তারা সবাই মুরাদনগরের স্থানীয় বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, শান্ত পরিবেশ বিনষ্ট ও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.