
গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য এবং বিদ্যালয়ে অনুপস্থিত থেকে নিয়মিত সরকারি বেতন-ভাতা লুটে নেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্ত এই শিক্ষকের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘সচেতন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে স্থানীয় উত্তর গিদারী রেজিয়া মার্কেট সংলগ্ন সড়কে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিক্ষুব্ধ শতাধিক নারী-পুরুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল ওয়াহেদ বাবলুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দেন। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রশিদ সরকার, হাফেজ মো. খায়রুল ইসলাম, ফয়জার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, প্রধান শিক্ষক বেলুছুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানটিকে নিজের ব্যক্তিগত আয়ের আখড়ায় পরিণত করেছেন। তিনি বছরের পর বছর ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকাশ্যে নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট চালিয়ে আসছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তিনি বিদ্যালয়ে সশরীরে উপস্থিত না হয়েও গাইবান্ধা শহরে নিজের আস্তানায় বসে হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে মাস শেষে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলে নিচ্ছেন। এছাড়া এলাকার নিরীহ বেকার তরুণদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন দুর্নীতিবাজ শিক্ষকের কারণে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে এসব সুনির্দিষ্ট অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষককে বরখাস্তসহ তার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে; অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.