
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব হাতিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে সুজা মিয়া এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে নুরুজ্জামান মিয়া ।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরগঞ্জের বালারছিড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে আরোহীদের হেফাজত থেকে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯০ টাকা এবং পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মাদক পরিবহনের দায়ে দুজনকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.