
খুলনা মহানগরীতে ইকবাল মোল্লা নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন হঠাৎ বাজার এলাকায় প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইকবাল মোল্লা খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক এবং স্থানীয় ইসলামপাড়া এলাকার বিল্লাল মোল্লার ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ইকবাল মোল্লা লবণচরার হঠাৎ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে সরাসরি গুলি চালায়। এতে একটি গুলি তাঁর হাঁটুতে বিদ্ধ হয়। এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ ও ইকবালের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, ঘটনার খবর পেয়েই এলাকায় অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পূর্বশত্রুতা নাকি রাজনৈতিক কোনো বিরোধের জেরে এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.