
সরাসরি গুলিবর্ষণ, কুপিয়ে জখম, কোটি টাকার গায়েবি মামলা আর একের পর এক প্রাণনাশের হুমকি—বাংলাদেশে স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার পথ কতটা পিচ্ছিল হয়ে উঠেছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজিপিসি)-র সাম্প্রতিক মাসিক প্রতিবেদন। মাত্র এক মাসের ব্যবধানে (১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর) পেশাগত দায়িত্ব পালনের অপরাধে সারাদেশে নিগৃহীত হয়েছেন অন্তত ৪১ জন গণমাধ্যমকর্মী।
ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেডের সহযোগিতায় তৈরি এই পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের গণমাধ্যমের এক চরম উদ্বেগজনক ও ভীতিকর চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সাংবাদিকদের কণ্ঠরোধের এই আগ্রাসন ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে প্রত্যন্ত জনপদে। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে রাজধানী ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৫ জন সাংবাদিক এবং খুলনা-বরিশাল অঞ্চলে নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৭ জন, রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহ ও রংপুরসহ অন্যান্য অঞ্চলে একাধিক সাংবাদিক শারীরিক হামলা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মুখে পড়েছেন।
সংবাদমাধ্যমের ওপর এই ধারাবাহিক বর্বরোচিত নিপীড়নের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। সংগঠনটির পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে, হামলা-মামলা বা প্রাণনাশের ভয় দেখিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশের অঙ্গীকার থেকে এক চুলও সরানো যাবে না।
গণমাধ্যমের টুঁটি চেপে ধরার এই কালো অধ্যায় বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশজুড়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বিজিপিসি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.