
গাইবান্ধায় কথিত বাণিজ্য মেলার আড়ালে চলা অসামাজিক কার্যকলাপ, ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র যানজটের তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মাসুম লুমেনের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে মেলা নিয়ন্ত্রণকারী সন্ত্রাসী বাহিনী। সোমবার (১২ অক্টোবর) রাতে মেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে তাঁর ওপর এই অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধে এহেন সন্ত্রাসী তাণ্ডবে ক্ষোভে ফেটে পড়েছেন গাইবান্ধাসহ সারা দেশের গণমাধ্যমকর্মীরা।
অনুসন্ধানে জানা গেছে, কাগজে-কলমে মেলাটি গাইবান্ধা চেম্বার অব কমার্সের নামে অনুমোদন দেখানো হলেও নেপথ্যে এর পুরো নিয়ন্ত্রণ দিনাজপুরের বিতর্কিত মেলা ব্যবসায়ী ‘মন্তা’র হাতে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত এই মন্তা অতীতেও প্রভাব খাটিয়ে বিভিন্ন জেলায় অবৈধ বাণিজ্য মেলা ও জুয়া-লটারির আসর বসাতেন। সরকার পরিবর্তনের পরও মন্তা তাঁর অবৈধ কালো টাকার জোরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে গাইবান্ধা, টাঙ্গাইলসহ কয়েকটি জেলায় একচ্ছত্র মেলা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। মেলার নামে সেখানে প্রতিদিন তীব্র বিদ্যুৎ বিভ্রাট, জনদুর্ভোগ সৃষ্টিকারী যানজট এবং গভীর রাত পর্যন্ত নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এসব অনিয়ম ও জনদুর্ভোগের তথ্য সংগ্রহ করায় পরিকল্পিতভাবেই সাংবাদিক মাসুম লুমেনের ওপর হামলা চালায় মন্তার সন্ত্রাসী ক্যাডাররা।
হামলার সময় ধারণকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে অত্যন্ত উদ্বেগজনক ও চাঞ্চল্যকর দৃশ্য। সেখানে স্পষ্ট দেখা যায় ও শোনা যায়—সাংবাদিক মাসুম লুমেনকে ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার পাশাপাশি মেলা নিয়ন্ত্রণকারী সন্ত্রাসীরা জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) নিয়ে চরম অবমাননাকর ও অশ্রাব্য ভাষায় কথা বলছে। প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেলার সন্ত্রাসীদের এমন প্রকাশ্য ঔদ্ধত্য ও আস্ফালন স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।
সাংবাদিক মহলের স্পষ্ট অভিযোগ, এ হামলা কেবল একজন গণমাধ্যমকর্মীর ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতা এবং সত্য প্রকাশকে স্তব্ধ করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র। ডিসি-এসপির মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের অবজ্ঞা করার মতো দুঃসাহস এই চক্র কোথা থেকে পায়, তা অবিলম্বে খতিয়ে দেখার দাবি উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে ডিসি-এসপিকে অবমাননাকারী এবং সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসী মন্তা ও তার ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে। একই সঙ্গে আহত সাংবাদিক মাসুম লুমেন সহ সকল গণ মাধ্যম কর্মিদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় চিহ্নিত সন্ত্রাসী সিন্ডিকেটের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.