
উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপে দাঁড়িয়েছিলেন দৃঢ় চিত্তে। কিন্তু দায়িত্ব পালনকালেই হঠাৎ নিভে গেল জীবনের প্রদীপ। গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মোছা. পারভীন বেগম (৪৫) নামের এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) উপজেলার নিজ এলাকার ‘কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দির’ মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন পারভীন। দায়িত্ব চলাকালীন হঠাৎ তিনি প্রচণ্ড শারীরিক অস্বস্তি ও অসুস্থতা অনুভব করেন। বিষয়টি সংশ্লিষ্ট প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে সাময়িক ছুটি নিয়ে বাড়ি ফিরে যান।
তবে বাড়িতে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে; অনবরত বমি ও ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে সংকটজনক অবস্থায় স্বজনেরা তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীরে স্যালাইন চলাকালীন সকালেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগমের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। এই অনাকাঙ্ক্ষিত বিয়োগে রোববার আনসার ও ভিডিপি বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
কর্তব্যরত অবস্থায় আকস্মিক এই প্রয়াণে পারভীন বেগমের পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.