
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর তা প্রতিষ্ঠানে না নিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অপরাধে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ বিভিন্ন মাছ জব্দ করা হয়। নিয়ম অনুযায়ী, জব্দকৃত এই মাছ রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
তবে বিতরণের পর একটি মাদ্রাসার বরাদ্দকৃত মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ওই প্রতিষ্ঠানগুলোতে আকস্মিক পরিদর্শনে যায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে ‘মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা’টি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই মাদ্রাসাটি মূলত আবাসিক নয়।
জিজ্ঞাসাবাদে শিক্ষক আব্দুল্লাহ জানান, তিনি ও স্থানীয় বাসিন্দা আবুল হোসেন (৫৫) মিলে বিতরণের জন্য নির্ধারিত মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তবে অপর দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দকৃত মাছ যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে প্রশাসনের অভিযানে নিশ্চিত করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, সরকারিভাবে এতিমখানা ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাছ নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত কাজে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আব্দুল্লাহ ও আবুল হোসেনকে প্রত্যেকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.