
আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিচারালয়ের পবিত্রতা নষ্ট করার দায়ে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরে প্রকাশ্যে ধূমপানকারী শ্যামলেন্দু মোহন রায় ওরফে জিবু নামের এক ব্যক্তিকে দুই ঘণ্টার কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। আদালত প্রাঙ্গণের মতো একটি সংরক্ষিত ও সংবেদনশীল স্থানে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের পর তাৎক্ষণিক এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, অভিযুক্ত শ্যামলেন্দু মোহন রায় জিবু এজলাসের সামনে জানালার পাশে হেলান দিয়ে প্রকাশ্যে ধূমপান করছিলেন যা তাৎক্ষনিক ভাবেই বিচারকের নজরে আসে। দেশের সর্বোচ্চ বিচারিক ও আইনি সেবাদানকারী একটি প্রতিষ্ঠানে বিচারকের সামনে এমন প্রকাশ্য আইন অমান্যের দৃশ্য উপস্থিত আইনপ্রয়োগকারী ও সাধারণ মানুষকে হতবাক করে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বিজ্ঞ আদালত তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং আইন লঙ্ঘনের দায়ে জিবুকে ২ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনজীবীরা বলছেন, বিচারালয়ের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে এই ধরনের তাৎক্ষণিক ও কঠোর সাজা অত্যন্ত সময়োপযোগী একটি বার্তা। জনসমাগমস্থল বা পাবলিক প্লেসে ধূমপান রোধে প্রশাসনের এমন জিরো টলারেন্স নীতি সব মহলে প্রশংসিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.