
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে ফের বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র। পৌরসভার বুজরুক বোয়ালিয়া (ঠাকুরবাড়ী) এলাকায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার ওরফে তপুর নিজ বাসার তৃতীয় তলার দুটি ইউনিটের তালা ভেঙে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার ও রুপার গহনা চুরির ঘটনা ঘটেছে।
নিরাপত্তাবেষ্টিত পৌর এলাকায় সরকারি কর্মকর্তার বাসায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার তপু সপরিবারে কর্মস্থল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাতেই বসবাস করেন। তবে গোবিন্দগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (ঠাকুরবাড়ী) এলাকায় তাঁর নিজস্ব তিনতলা বাড়ি রয়েছে, যার তৃতীয় তলার দুটি ইউনিট তালাবদ্ধ ছিল।
গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া তপু মহন্ত সপরিবারে ঘুমিয়ে পড়েন। এরপর ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে অপর ভাড়াটিয়া নিঝুম মহন্ত ছাদে কাপড় শুকাতে গিয়ে তৃতীয় তলার দুটি ইউনিটের দরজাই খোলা দেখতে পান। তাঁর চিৎকারে অন্যান্য ভাড়াটিয়া ও আশপাশের লোকজন ছুটে এসে দেখেন ঘরের ভেতরে আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং সব মালামাল এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
খবর পেয়ে বাড়ির মালিক প্রশান্ত কুমার তপু রাতেই পঞ্চগড় থেকে গোবিন্দগঞ্জে নিজের বাড়িতে ছুটে আসেন। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী লাবনী রানী ও মা তুলশী রানীর মালিকানাধীন ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা) এবং ১২ ভরি রুপার গহনা (যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) সম্পূর্ণ উধাও।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) তালেবকে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.