
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। মাঠপর্যায়ের অভিজ্ঞ ও যোগ্য ব্যবসায়ীদের বঞ্চিত করে উপজেলার ৭ নম্বর পবনাপুর ইউনিয়নে 'মেসার্স সরকার এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী আবু হানিফ মোহাম্মদ বায়েজিদকে ডিলারশিপ দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, নিয়োগপ্রাপ্ত আবু হানিফ মোহাম্মদ বায়েজিদ পেশায় একজন ব্যাংকার এবং চাকরির সুবাদে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। প্রচলিত নীতিমালা ও বাস্তবতার তোয়াক্কা না করে একজন চাকরিজীবীকে কীভাবে এই গুরুত্বপূর্ণ ডিলারশিপ দেওয়া হলো, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ডিলারশিপের জন্য পবনাপুর ইউনিয়নের একাধিক প্রকৃত ও অভিজ্ঞ সার ব্যবসায়ী আবেদন করেছিলেন। কিন্তু যাচাই-বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতার আশ্রয় নিয়ে তাঁদের বাদ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের প্রশ্ন—যিনি নিজেই ঢাকায় সার্বক্ষণিক চাকরিতে নিয়োজিত, তিনি কীভাবে পলাশবাড়ীর প্রত্যন্ত ইউনিয়নে বসে সার উত্তোলন, সংরক্ষণ এবং সরাসরি কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে তা বিতরণ করবেন?
ভুক্তভোগী ব্যবসায়ী ও সচেতন মহলের আশঙ্কা, ব্যবসায়িক অভিজ্ঞতাহীন এবং এলাকায় অনুপস্থিত একজন ব্যক্তির হাতে ডিলারশিপ থাকায় ইউনিয়নে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারির ঝুঁকি তৈরি হবে। প্রকৃত কৃষকরা ভরা মৌসুমে সময়মতো সার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন, যা স্থানীয় কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, নিয়োগ কমিটি আবেদনকারীদের প্রকৃত ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদামজাতকরণের সক্ষমতা এবং স্থানীয় পর্যায়ে উপস্থিতির বিষয়টি সঠিকভাবে যাচাই করেনি। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ীদের মধ্য থেকে ডিলার নিয়োগের জোর দাবি জানিয়েছেন তাঁরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.