
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছর বয়সী শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র তিন ঘণ্টার মাথায় এজাহারনামীয় ২ নম্বর আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রামে আনসার আলীর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরবি-১৩-এর সিপিসি-৩ (গাইবান্ধা) ও সিপিসি-২ (নীলফামারী)-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের বাসিন্দা ও রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাকের সঙ্গে আইনুর নাহার আঁখির বিয়ে হয়। পরবর্তীতে আব্দুর রাজ্জাক বামনডাঙ্গা রেলস্টেশনে কর্মরত অবস্থায় শাহিনা বেগম নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন।
দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার পর থেকেই দুই স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও বিরোধ চরমে ওঠে। বিষয়টি মীমাংসায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকও হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম স্ত্রী আঁখিকে তিন সন্তানসহ বামনডাঙ্গার একটি ভাড়া বাসায় রাখা হয়। পরবর্তীতে আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও তার সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
তদন্তসংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে আঁখি (নাম ও বয়স বিজ্ঞপ্তি অনুযায়ী আইনুর নাহার আঁখি) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আহনাফ আদিলকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় আঁখির বড় মেয়ে বাড়িতে ফিরে মা ও ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
নৃশংস এই জোড়া খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১৩।
এরই মধ্যে গত ১৯ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে নিহত আঁখির বাবা আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৭)। মামলা রেকর্ড হওয়ার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় পঞ্চগড়ের বোদায় অবস্থান শনাক্ত করে বাদলকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.