
হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও ‘সাপ্তাহিক হবিগঞ্জের খবর’ পত্রিকার সম্পাদক শাহ মো. হুমায়ুন কবিরকে ৫ হাজার টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এবং হাতকড়া পরানো অবস্থায় তাঁর ছবি প্রকাশের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’।
গত শুক্রবার (২০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক। বিবৃতিতে অবিলম্বে প্রবীণ এই সাংবাদিকের মুক্তি এবং ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শাহ মো. হুমায়ুন কবির একজন প্রবীণ সাংবাদিক ও সম্মানিত নাগরিক। তাঁর বিরুদ্ধে মাত্র ৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা এবং এর প্রেক্ষাপটে তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই না করে একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিককে এভাবে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, একজন প্রবীণ সাংবাদিককে হাতকড়া পরানো অবস্থায় ছবি তুলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা তাঁর ব্যক্তিগত মর্যাদা ও মানবাধিকারের প্রশ্ন তৈরি করে। কোনো ব্যক্তি বা মহলের প্রভাবে একজন সাংবাদিককে হয়রানি কিংবা অপদস্ত করা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।
বিবৃতিতে সংগঠনের পরিচালক মোহাম্মদ আলী আবির অবিলম্বে প্রবীণ সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে পুরো ঘটনার নেপথ্যের কারণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান তিনি।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি একজন প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.