
একটি সভ্য সমাজের সংজ্ঞায় কি কেবল ইট-পাথরের দালান আর পিচঢালা পথ পড়ে? যদি তাই হয়, তবে গাইবান্ধা শহরের বুক চিরে বয়ে যাওয়া এক দীর্ঘমেয়াদী পৈশাচিকতাকে আমরা কী নামে ডাকব? গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোল ঘেঁষে গত ২৩ বছর ধরে তিলে তিলে মরছেন জমিলা বেগম। স্থানীয়দের কাছে যিনি ‘বস্তা পাগলি’ নামে পরিচিত—আসলে তিনি আমাদের সামষ্টিক বিবেকের এক জীবন্ত লাশের নাম।
জমিলা বেগমের অপরাধ তিনি নিঃস্ব, তার অপরাধ তিনি মানসিকভাবে বিপর্যস্ত। দিনের আলোয় যখন শহরবাসী নাকে রুমাল চেপে তাকে এড়িয়ে চলেন, তখন তাকে নিয়ে আমাদের তথাকথিত ‘ভদ্র সমাজের’ অস্পৃশ্যতা চরমে ওঠে। কিন্তু অন্ধকার নামলেই দৃশ্যপট পাল্টে যায়। অভিযোগ উঠেছে, দিনের আলোয় যাকে ঘৃণা করা হয়, রাতের আঁধারে সমাজের কিছু নরপশু তাকেই শিকারে পরিণত করে।
দীর্ঘ দুই দশক ধরে জনসম্মুখেই এই নারী যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসনের নাকে ডগা দিয়ে চলা এই পৈশাচিকতা থামাতে কারো হাত আজ পর্যন্ত বাড়েনি। এটি কি কেবল অপরাধ নয়, এটি রাষ্ট্র ও সমাজের চরম ব্যর্থতা।
বিস্ময়কর হলেও সত্য, যে দেশে শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়, সেখানে একজন নারী ২০০৩ সাল থেকে অনাহারে-অর্ধাহারে রাস্তার ধারে পড়ে আছেন। তিনি ভিক্ষা করেন না, হয়তো তার আত্মসম্মানবোধটুকু এখনো বিকল হয়ে যায়নি। কিন্তু আমাদের প্রশাসনিক ও সামাজিক দায়বদ্ধতা কি পুরোপুরি বিকল হয়ে গেছে?
প্রশাসনের চোখের সামনে শহরের প্রাণকেন্দ্রে একটি মানবিক সংকট এভাবে বছরের পর বছর ঝুলে থাকা কেবল অবহেলা নয়, বরং দায়িত্বহীনতার চরম পরাকাষ্ঠা।
বাংলাদেশের দণ্ডবিধি ১৮৬০ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধারাগুলো কি কেবল বইয়ের পাতায় সাজিয়ে রাখার জন্য? যখন একজন অসহায় নারী দিনের পর দিন পাশবিক নির্যাতনের শিকার হন এবং কোনো প্রতিকার পান না, তখন আইনের শাসন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। রাষ্ট্র যেখানে গৃহহীন ও ঝুঁকিপূর্ণ নাগরিকদের সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ, সেখানে জমিলা বেগমের এই মানবেতর জীবন সেই অঙ্গীকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
গাইবান্ধার সচেতন নাগরিক সমাজ আর কতদিন এই দৃশ্য দেখে মুখ বুজে থাকবে? স্থানীয় প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে জোরালো প্রশ্ন—জমিলা বেগমের এই নরকবাস শেষ হবে কবে?
তাকে দ্রুত উদ্ধার করে মানসিক ও শারীরিক চিকিৎসার ব্যবস্থা করা এবং নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করে ছায়ার আড়ালে থাকা সেইসব নরপশুদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার যারা রাতের আঁধারে তাকে নির্যাতন করে।
সেই সাথে সরকারি বা বেসরকারি (এনজিও) উদ্যোগে তার জন্য একটি স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা অতীব জরুরি বলে দাবি সুধি সমাজের।
এই জমিলা বেগম আমাদের সমাজের কোনো ‘বস্তা’ নন, তিনি একজন মানুষ। তার এই মানবেতর জীবন আমাদের কথিত সভ্যতার গালে এক চপটাঘাত।
এত কিছুর পরও যদি স্থানীয় প্রশাসন যদি এখনো কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন থাকে, তবে বুঝতে হবে এই অসভ্যতার দায়ভার তাদের কাঁধেই বর্তাবে হয়তো।
নিজস্ব প্রতিবেদক 



















