
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে নারী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। মোবাইল নম্বর ও ফেসবুক আইডি দিতে রাজি না হওয়ায় সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় আলফি আক্তার নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গেল রবিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ পুকুর সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। মেলা চলাকালীন বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের কয়েকজন ছাত্রীর কাছে ফোন নম্বর ও ফেসবুক আইডি দাবি করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র। ছাত্রীরা তা দিতে অস্বীকৃতি জানালে উত্ত্যক্তকারীরা ক্ষিপ্ত হয়। মেলা শেষে বাড়ি ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে মাত্র ২০০ গজ দূরে ওত পেতে থাকা ওই বখাটে ছাত্ররা ছাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়।
আহত শিক্ষার্থী নাওয়াল আক্তার জানান,”বয়েজ স্কুলের কয়েকজন ছাত্র আমাদের ফোন নম্বর ও আইডি চেয়েছিল। আমরা না বলায় তারা বাইরে এসে আমাদের ওপর হামলা করে। তারা আমাদের মারধর করেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে।”
আরেক শিক্ষার্থী মিম আক্তার অভিযোগ করেন যে, বিষয়টি আগেই শিক্ষকদের জানানো হয়েছিল, কিন্তু তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অনুষ্ঠান শেষে ফেরার পথে তারা হামলার শিকার হন। হামলায় শিক্ষার্থীদের পাশাপাশি মেলায় প্রদর্শিত বিজ্ঞান প্রকল্পের বিভিন্ন উপকরণও ভাঙচুর করা হয়।
আহত আলফি আক্তারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয়রা দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 















