
রাজনীতির মাঠে রঙ বদল নতুন কিছু নয়, তবে কখনো কখনো সেই বদল এতটাই নাটকীয় হয় যে তা চায়ের কাপ থেকে শুরু করে দলের শীর্ষ মহল পর্যন্ত ঝড় তোলে। রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলমকে ঘিরে ঠিক এমনই এক তীব্র বিতর্ক ও সমালোচনার জন্ম হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

একসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় দলীয় বলয়ে সক্রিয় থাকা, পরবর্তীতে জাতীয় পার্টির টিকিট পেতে দৌড়ঝাঁপ করা এবং সবশেষে এখন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নামা—এই ‘বহুমুখী রাজনৈতিক যাত্রা’ নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে শামসুল আলমকে আওয়ামী লীগের নানা কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে; এমনকি দলীয় নেতাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানোর দৃশ্যও রয়েছে সেখানে। অভিযোগ উঠেছে, একসময় ক্ষমতাসীনদের ঘনিষ্ঠতা ও মনোনয়ন প্রাপ্তির আশায় তিনি সক্রিয় ছিলেন, আর পালাবদলের হাওয়ায় এখন ভিন্ন মেরুতে অবস্থান নিয়েছেন।

তবে কেবল দলবদল বা মনোনয়ন প্রত্যাশাই নয়, বিতর্কের আগুনে ঘি ঢেলেছে পুরোনো দিনের ক্ষত। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ২০১৩-১৪ সালে যখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছিল, তখন শামসুল আলম ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওই সময়ের নানা ঘটনা ও মামলার প্রসঙ্গ টেনে এনে বর্তমান মনোনয়ন প্রত্যাশাকে ‘অস্বস্তিকর’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করছেন ত্যাগী কর্মীদের একটি অংশ।
কাবিলপুরের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—দলের চরম দুঃসময়ে যারা মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতন মাথায় নিয়ে রাজপথ আঁকড়ে ধরেছিলেন, মনোনয়নের ক্ষেত্রে কি তাঁদের ত্যাগের মূল্যায়ন হবে, নাকি সুযোগ বুঝে আসা রাজনৈতিক সুবিধাবাদীদের পুনর্বাসন ঘটবে?

তৃণমূলের দাবি একটাই—মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থীর অতীত রাজনৈতিক অবস্থান, ভূমিকা এবং দলের প্রতি নিষ্ঠা ও ত্যাগের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হোক। অন্যথায়, মাঠে থাকা প্রকৃত কর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দানা বাঁধতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
নিজস্ব প্রতিবেদক 


















