প্রকাশের সময়:
০৪:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৫৪
বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় অবৈধভাবে অকটেন মজুদ করে চড়া দামে বিক্রির দায়ে আব্দুল মতিন নামের এক মাদ্রাসা শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত মতিন রংপুর জেলার মিঠাপুকুর এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করলেও প্রায় ২০ কিলো মিটার দুরত্বে বামনডাঙ্গা এলাকায় এসে ব্যাচ ভিত্তিক টিউশনি করাতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নে এই মাদ্রাসা শিক্ষক প্রাইভেট পড়ানোর আড়ালে বিপুল পরিমাণ অকটেন অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন।
দেশের জ্বালানি সংকটের সুযোগ নিয়ে তিনি প্রতি লিটার অকটেন ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল সেখানে অভিযান চালান।
অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং জনস্বার্থে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল জানান, “সংকট পুঁজি করে কেউ যাতে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে, সেজন্য আমাদের এই নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ মজুদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও চলবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।