
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাকের ট্যাংকি থেকে নামিয়ে রাখা ডিজেলের ড্রামে ডুবে আরাফ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (২২ এপ্রিল) ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত শিশু আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলা করছিল শিশু আরাফ। ওই বারান্দায় একটি বড় প্লাস্টিকের ড্রামে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল রাখা ছিল। পরিবারের সদস্যদের অগোচরে খেলাচ্ছলে আরাফ ওই ড্রামের ভেতর পড়ে যায় এবং বেশ কিছু পরিমাণ ডিজেল তার পেটে চলে যায়।
পরবর্তীতে পরিবারের লোকজন শিশুটিকে ড্রামের ভেতর থেকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর বুধবার ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট আরাফ।
জানা যায়, শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। সম্প্রতি ট্রাকটির তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য সব তেল নামিয়ে ড্রামে ভরে বারান্দায় ঢেকে রাখা হয়েছিল। সামান্য অসতর্কতায় এই সংরক্ষিত তেলের ড্রামই শেষ পর্যন্ত শিশুর প্রাণ কেড়ে নিলো।
বুধবার সকালে শিশু আরাফের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পালানপাড়ার আকাশ-বাতাস।
নিজস্ব প্রতিবেদক 
















