
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি, টেলিভিশন ও মূল্যবান আসবাবপত্র উধাও হওয়ার এক গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি দফতর থেকে এভাবে সরঞ্জাম চুরির ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান মালামাল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সোমবার স্থানীয় সংসদ সদস্যের জন্য একটি অফিস কক্ষ প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। সেই লক্ষে চেয়ারম্যানের কক্ষটি খোলা হলে দেখা যায়, কক্ষের ভেতরে থাকা সরকারি এয়ার কন্ডিশনার (এসি), টেলিভিশন এবং দামি আসবাবপত্রসহ বেশ কিছু সরঞ্জাম সেখানে নেই। দীর্ঘ সময় কক্ষটি তালাবদ্ধ থাকলেও ভেতর থেকে কীভাবে এসব মালামাল সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ইউএনও শামীমা আক্তার জাহান সাংবাদিকদের বলেন, “আমি এই কর্মস্থলে যোগদানের আগে থেকেই কক্ষটি তালাবদ্ধ ছিল। এমপি মহোদয়ের জন্য রুম প্রস্তুত করতে গিয়ে আমরা সরঞ্জামগুলো অনুপস্থিত পাই। কার নির্দেশে বা কোন প্রক্রিয়ায় সরকারি সম্পদ সরানো হয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।”
লালমনিরহাট জেলা প্রশাসক মু. রাশেদুল হক প্রধান কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, “সরকারি সম্পদ বিধি-বহির্ভূতভাবে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে সরকারি অফিস থেকে আসবাবপত্র ‘উধাও’ হওয়ার ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দায়িত্বরত কেউ বা প্রভাবশালী মহলের যোগসাজশ ছাড়া এমন কাজ অসম্ভব। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 


















