
জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেলওয়ে ও পর্যটন মোটেলসহ ৪৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর এবং অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য তালিকা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় শহরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন ও নিলুফার ইয়াসমিন শিল্পী।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের আমদানির ওপর পুরো দেশের অর্থনীতি নির্ভরশীল। তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দিলে ব্যবসায়ীদের একচেটিয়া মুনাফার বলি হতে হবে সাধারণ জনগণকে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে নিত্যপণ্যের দাম ও জনজীবনে। এর আগে সিলিন্ডার গ্যাসের বাজার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে সরকার যে ভুল করেছে, বিদ্যুৎ ও তেল আমদানির ক্ষেত্রেও একই ধরনের বিপর্যয় ডেকে আনা হচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো জনগণের সম্পদ। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি এসব প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার স্বার্থে হস্তান্তর করা মেনে নেওয়া হবে না।

সমাবেশ থেকে উত্থাপিত মূল দাবিসমূহ, রাষ্ট্রায়ত্ত সম্পদ রক্ষা: জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেলওয়ে ও পর্যটন মোটেলসহ ৪৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ বন্ধ করা। ওষুধের মূল্য নিয়ন্ত্রণ: সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যাবশ্যকীয় ওষুধের সরকারের নির্ধারিত মূল্য তালিকা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা। শিক্ষক নিয়োগ নীতি: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিল করে এনটিআরসিএ (NTRCA)-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বহাল রাখা।
অবিলম্বে এসব জনবিরোধী সিদ্ধান্ত বাতিল না করা হলে পরবর্তীতে আরও কঠোর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
নিজস্ব প্রতিবেদক 















