
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলা বিএনপিতে বইছে নির্বাচনি হাওয়া। উপজেলার ১৩টি ইউনিয়নের তৃণমূলের মাঠ নিয়ন্ত্রণে রাখতে এবার আগেভাগেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দলটি। এরই অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন ফরম।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ফরম বিতরণ কার্যক্রম। দীর্ঘ সময় ধরে চলা এই আয়োজনে ১৩টি ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান পদের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নেতাকর্মীদের নিয়ে ফরম সংগ্রহ করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সংগৃহীত এই ফরমগুলো প্রয়োজনীয় তথ্যসহ পূরণ করে আগামী ১৮ অক্টোবর রোববারের মধ্যে জেলা দলীয় কার্যালয়ে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ফরম বিতরণকালে সদর উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহাত খানসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কৌশল প্রসঙ্গে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু জানান, তৃণমূলের জনপ্রিয় ও কার্যকর নেতৃত্বকেই এবার সামনে আনা হবে। তিনি বলেন, “যাঁরা দলীয় ফরম গ্রহণ করেছেন, কেন্দ্রীয় বিএনপির সুস্পষ্ট নির্দেশনা মেনেই তাঁদের সামগ্রিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও গ্রহণযোগ্যতা কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে। প্রতিটি ইউনিয়নে ভোটারদের কাছে গ্রহণযোগ্য এবং জয়ের সম্ভাবনা যাঁদের সবচেয়ে বেশি, তাঁদেরকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করবে দল।”
নিজস্ব প্রতিবেদক 














