
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনলাইনে কার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। তবে সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি।
এর আগেই প্রায় ১৪ হাজার সাংবাদিক ইসির নির্ধারিত অনলাইন সিস্টেমে কার্ড ও স্টিকার পেতে আবেদন করেন। কিন্তু ওই আবেদনের মাধ্যমেই ঘটে যায় ভয়াবহ তথ্য ফাঁসের ঘটনা।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এ প্রবেশ করলে দেখা যায়, আবেদনকারী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা হোম পেজেই উন্মুক্ত হয়ে গেছে।
তালিকায় প্রত্যেক আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদনপত্র দেখার অপশনও দৃশ্যমান ছিল।
ওয়েবসাইটে লগইন করলেই কোনো ধরনের অনুমতি বা নিরাপত্তা যাচাই ছাড়াই এসব সংবেদনশীল তথ্য দেখা যাচ্ছিল। কিছু সময় পর অবশ্য ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা যায়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক প্রথমে জানান, অনলাইন সিস্টেম আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। পরে খোঁজ নিয়ে তিনি বলেন,“আজ বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিনের দায়িত্বে থাকা ব্যক্তি সাইটটি ওপেন করেছিলেন। বিষয়টি জানার পর এখন আবার বন্ধ করে দেওয়া হয়েছে।”
জানা গেছে, সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনলাইনে কার্ড পেতে জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে। পরবর্তী ধাপে ওটিপি যাচাইয়ের মাধ্যমে আবেদন সম্পন্ন হয়। অথচ এই ওটিপি-নির্ভর সিস্টেম থাকা সত্ত্বেও আবেদনকারীদের তথ্য প্রকাশ্যে চলে আসায় ইসির ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
নিজস্ব প্রতিবেদক 








