
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, ইউএনও’র কক্ষে অবস্থানকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষক।
এ ঘটনায় উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে পলাশবাড়ী থানা-এ একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন।
অভিযুক্ত উম্মে মাহাবুবা সোমা সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহম্মদ জানান, ঘটনার বিষয়ে থানায় জিডি করা হয়েছে এবং সংশ্লিষ্ট মোবাইল ফোন জব্দের জন্য পুলিশকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 













