
গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর নেতা হিসেবে ‘ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার হওয়া আবু হোসেন মো. নাছিম মণ্ডল (৩০) টানা দুই মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন। এরই মধ্যে ১৫ দিন আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। এখনো নবজাতকের মুখ দেখা হয়নি বাবার।
পরিবার সূত্রে জানা যায়, গাইবান্ধা শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। বর্তমানে স্ত্রী রুমা বেগম তিন সন্তান—দুই ছেলে ও নবজাতক কন্যাকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
গত ২৭ ডিসেম্বর গভীর রাতে সাদুল্লাপুর উপজেলা শহরের পোস্ট অফিস সংলগ্ন বাসা থেকে নাছিমকে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ দাবি করে, নাছিম নিষিদ্ধ ছাত্রলীগের সাদুল্লাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার প্রমাণ হিসেবে দুটি ছবিও রয়েছে।
তবে পরিবার ও স্থানীয়দের দাবি, নাছিম কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। তিনি একটি স’মিলের ব্যবসা দেখাশোনা করতেন এবং সংসার নিয়েই ব্যস্ত থাকতেন। স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় ভুয়া কমিটির তালিকা তৈরি করে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের।
নাছিমের স্ত্রী রুমা বেগম বলেন, “তিনটি ছোট সন্তান নিয়ে খুব কষ্টে আছি। স্বামী কখনো রাজনীতি করেনি। তবুও তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একাই সিজারিয়ান অপারেশন করাতে হয়েছে। মেয়ের মুখও সে দেখতে পারেনি।”
মামলার বাদী বায়েজিদ বোস্তামি জিম বলেন, “নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। যদি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনগতভাবে তার জামিন হোক—এটাই চাই।”
বর্তমানে গাইবান্ধা আদালতে জামিন না পাওয়ায় উচ্চ আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবার। এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্বজনদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে নাছিমের ন্যায্য বিচার নিশ্চিত করা হোক।
নিজস্ব প্রতিবেদক 








