
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইনজেকশনের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়মিত মাদকবিরোধী চেকিং ডিউটি পালনকালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী “মা বাবার দোয়া” নামীয় একটি সিএনজি (রেজি: বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালায়।
এসময় সিএনজির এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৯০ পিস কাঁচের অ্যাম্পুল উদ্ধার করা হয়।
আটককৃত নারী রেজিয়া বেগম (৩২)। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশনগুলো সংগ্রহ করে অধিক লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪/২০২৬। জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 








