
গাইবান্ধা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ে প্রথমবারের মতো যোগদান করেন।
যোগদান উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে নেতাকর্মী, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এসময় উপস্থিত সবার মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা থেকে তাকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা যায়।
নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দ মকবুলার রহমানের ছেলে।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “সরকার আমাকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
নতুন প্রশাসকের যোগদানকে ঘিরে জেলা পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়ে জেলার উন্নয়ন ও কল্যাণে সফলতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 













