প্রকাশের সময়:
১০:৩১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১৪০
বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী এলাকায় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতির উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে চিহ্নিত সন্ত্রাসী বাহিনী এই হামলা চালায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে খামার বোয়ালী এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘টেপরা জামিল’ ও তার বাহিনীর সদস্যরা। কোনো প্রকার উসকানি ছাড়াই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা তার ওপর এলোপাথাড়ি হামলা চালায়।
হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত ‘Realme C55’ মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং পকেটে থাকা নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে এবং তিনি বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বিএনপি নেতা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
হামলার শিকার ২নং ওয়ার্ড বিএনপির এই সভাপতি বলেন, “কোনো কারণ ছাড়াই টেপরা জামিল ও তার বাহিনী আমার ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এদিকে, একজন রাজনৈতিক নেতার উপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।