প্রকাশের সময়:
০২:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২৫
বার পড়া হয়েছে
পবিত্র রমজান শেষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) সকালে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা এই আগাম ঈদ উদযাপন করেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খোলা মাঠের পরিবর্তে ইনডোর বা বিকল্প স্থানে নামাজ আদায়ের প্রস্তুতি নেন মুসল্লিরা। সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়া নতুন জামে মসজিদ সংলগ্ন একটি ভবনের ছাদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা আমিনুল ইসলাম। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০৯ সাল থেকে টানা ১৮ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সঠিক ধর্মীয় বিধান মেনেই তারা এই রীতি অনুসরণ করছেন বলে জানান।
কেবল পলাশবাড়ী নয়, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সহিহ হাদিস অনুসারী মুসল্লিরা এই জামাতে অংশ নেন। এছাড়াও জেলার আরও কয়েকটি স্থানে ছোট পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
একদিন আগে ঈদ পালনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর রেখেছিল স্থানীয় প্রশাসন। পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে জামাতস্থলে ও আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।