
সত্য সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি ও মিঠাপুকুরের নির্ভীক সাংবাদিক শহিদুল ইসলামের ওপর এক ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের ধরে একদল চিহ্নিত দুর্বৃত্ত ওত পেতে সাংবাদিক শহিদুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার পেশাগত সরঞ্জামাদিরও ক্ষতি করা হয়। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সংবাদকর্মীরা প্রশ্ন তুলেছেন— “সত্য তুলে ধরা কি অপরাধ?” স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করছেন পেশাজীবী নেতারা।
হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, অবিলম্বে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলাকারীদের চিহ্নিত করে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

যাতে করে ভবিষ্যতে কেউ স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হানার দুঃসাহস না দেখায় সেই সাথে দৈনিক আমাদের মাতৃভূমি পরিবার এবং সহকর্মীরা সাংবাদিক শহিদুল ইসলামের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন। একইসাথে প্রশাসনের কাছে আল্টিমেটাম দেওয়া হয়েছে যেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।
নিজস্ব প্রতিবেদক 









