
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ওই গ্রামের হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) এবং তার স্ত্রী আপেলা বেগম (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোহাব্ববপুর গ্রামে আপেলা বেগমের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। বেলা সাড়ে ৩টার দিকে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী ও তার স্ত্রী পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে তাদের দুজনকে আটক করা হয়।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ঘরে মাদক রাখার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যানুযায়ী, শয়নকক্ষের খাটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) মোস্তফা জামান জানান, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান জেলায় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক 










