
দিনের আলো ছেড়ে রাতের ঘুটঘুটে আঁধারে চলছে সরকারের লাখ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় সারদাগাড়ী বিল নিষ্কাশন প্রকল্পের আওতায় একটি ৩-ভেন্ট রেগুলেটর পুনর্নির্মাণের কাজে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতে কাজের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার ধামাচাপা দিতেই মেসার্স আবুল কালাম আজাদ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে আতাত করে রাতের আঁধারকে বেছে নিয়েছে পানি উন্নয়ন কতৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কংক্রিট মিক্সিং এবং ঢালাইয়ের কাজ চলছে মাঝরাতে। মাত্র কয়েকটি কৃত্রিম আলোর (হ্যাজাক বা বাল্ব) ওপর ভরসা করে তাড়াহুড়ো করে মিক্সার মেশিনে মশলা তৈরি করে ঢালাইয়ের স্থানে ফেলা হচ্ছে।
নির্মাণকাজের নিয়ম অনুযায়ী, যেকোনো গুরুত্বপূর্ণ ঢালাই বা সিসি ব্লকের কাজ দিনের আলোতে এবং পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী বা কর্মকর্তার প্রত্যক্ষ উপস্থিতিতে হওয়ার কথা। কিন্তু রাতের এই যজ্ঞে কোনো সরকারি কর্মকর্তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ফলে সিমেন্ট, বালু ও পাথরের সঠিক অনুপাত বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে তীব্র সংশয় দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “দিনের বেলা কাজ করলে সাধারণ মানুষ অনিয়ম ধরে ফেলবে, তাই ঠিকাদারের লোকজন অফিসের সাথে আতাত করে রাতের অন্ধকারে কাজ শেষ করতে চাচ্ছে। এভাবে জোড়াতালি দিয়ে কাজ করলে বর্ষার প্রথম তোড়েই রেগুলেটরটি আবারও ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। এতে সরকারের কোটি টাকা পুরোটাই জলে যাবে।
এই বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে সরকারি নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে সার্ক্ষনিক ফোনটি ব্যস্ত পাওয়া যায়। তবে এস ডি সায়েমের সাথে কথা হলে তিনি জানান ঐ কাজটি আমার নয় তাই এ বিষয়ে আমি কিছু জানিনা।

তবে সচেতন মহলের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই নৈশকালীন কাজের সাথে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত করার পাশাপাশি রাতের আধারে করা ঢালাইয়ের মান জনসম্মুখে পরীক্ষা করে পরবর্তী বিল ছাড়ের ব্যবস্থা নেন।অন্যথায় সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পটি কেবলই অর্থ লোপাটের মাধ্যম হিসেবে ইতিহাসে নাম লেখাবে।
নিজস্ব প্রতিবেদক 











