
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে মক্তব পড়ানোর পর ৮ বছরের এক নাবালক শিশু কন্যাকে কৌশলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মুয়াজ্জিন মনির মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দ পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। আটক মনির মিয়া ওই এলাকার মিলন মিয়ার ছেলে এবং ওই মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ বিকেলেও কিশামতবাগচী আকন্দ পাড়া জামে মসজিদ মক্তবে পড়তে যায় ওই শিশুটি। ছুটি হওয়ার পর অন্য শিশুরা চলে গেলেও শিক্ষক মনির মিয়া কৌশলে ওই নাবালক শিশুকে আটকে রাখেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে শিশুটির মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর শিশুটির অভিভাবক আতোয়ার রহমান তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ধর্ষক মনিরকে আটক করে থানায় নিয়ে যায়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ থেকে তথ্য পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 


















