
খেলার প্রতি আবেগ বা ফুটবল উন্মাদনা থাকতেই পারে, কিন্তু সেই আবেগের বশে রাষ্ট্রীয় আইন ও সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করার এক নজিরবিহীন চিত্র দেখা গেছে গাইবান্ধা জেলা কারাগারে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই সরকারি কেপিআই (KPI) ভবনের মূল চূড়ায় ওড়ানো হয়েছে আর্জেন্টিনার পতাকা।
জাতীয় পতাকা বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সরকারি প্রতিষ্ঠানে এভাবে ভিনদেশি পতাকা ওড়ানোর ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা জেলা কারাগারের প্রধান প্রশাসনিক ভবনের ছাদের ওপর একটি বাঁশের মাথায় হালকা নীল ও সাদা রঙের আর্জেন্টিনার পতাকাটি উড়ছে। দূর থেকে দেখলে মনে হতে পারে এটি যেন কোনো বিদেশি কূটনৈতিক মিশন বা ভিনদেশি কোনো সরকারি প্রতিনিধিদের কার্যালয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ‘জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২’ (Bangladesh Flag Rules, 1972) অনুযায়ী, দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহে প্রতিটি কর্মদিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। কোনো বিশেষ বিদেশি প্রটোকল বা উচ্চপদস্থ কূটনৈতিক সফর ছাড়া সাধারণ সময়ে কোনো সরকারি ভবনের চূড়ায় অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের পতাকা প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং তা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার চরম পরিপন্থী।
এ বিষয়ে কারাগাড়ের জেলারের সাথে কথা বললে তিনি জানান, এটি কোন ভাবেই আইন সংগত নয়, তবে আবেগ প্রবন হয়ে কে লাগিয়েছে সেটি জানতে না পারলেও আমি পতাকাটি নামিয়ে ফেলেছি।
সাধারণ মানুষের প্রশ্ন, একজন সাধারণ নাগরিক নিজের বাড়িতে খেলাধুলার সমর্থনে পতাকা ওড়াতে পারলেও, একটি সরকারি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টিত প্রতিষ্ঠানে কীভাবে এই নিয়ম ভঙ্গ করা হলো? কারাগার কর্তৃপক্ষের চোখের সামনে দিনের পর দিন এই পতাকা কীভাবে উড়ছে এবং এর পেছনে কার ইন্ধন বা উদাসীনতা রয়েছে, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ফুটবলপ্রেমের নামে রাষ্ট্রীয় ভবনের প্রটোকল এভাবে ভেঙে পড়ার দায় কার, তা জানতে চান স্থানীয়রা।
সচেতন নাগরিকেরা বলছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেখানে রাষ্ট্রীয় বিধিমালা সমুন্নত রাখার কথা, সেখানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে এবং প্রশাসনের এমন চরম উদাসীনতার বিরুদ্ধে দ্রুত আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে।
নিজস্ব প্রতিবেদক 













