
গাইবান্ধার সাদুল্লাপুরে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সর্বগ্রাসী থাবায় সর্বস্ব হারিয়ে জোবেদ আলী (৫০) নামের এক ইজিবাইক চালক আত্মহত্যা করেছেন। দেনার তীব্র চাপ ও মানসিক গ্লানি সহ্য করতে না পেরে তিনি গলায় রশি দিয়ে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন বলে জানা গেছে।
গতকাল রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের দশানি এলাকায় নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত জোবেদ আলী ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জোবেদ আলী পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। কঠোর পরিশ্রম করে দিন এনে দিন খাওয়া এই মানুষটি দীর্ঘদিন ধরে জুয়া ও অনলাইন ক্যাসিনোর মরণনেশায় আসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে ক্যাসিনোর আড্ডায় পড়ে তিনি তার উপার্জনের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেন এবং বিপুল পরিমাণ ঋণের জালে জড়িয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধের তীব্র চাপ ও সামাজিক লোকলজ্জার কারণে শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন বলে এলাকাবাসীর ধারণা।
এলাকার সচেতন মহলের দাবি, ইদানীং অনলাইন ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিস্তার তরুণ সমাজের পাশাপাশি নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবনেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে একেকটি পরিবার। তারা অবৈধ অনলাইন ক্যাসিনো সাইটগুলো দ্রুত বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং এই চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক 


















