
মাত্র কয়েক কেজি বরবটি দেখভাল করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজার। ধাপেরহাট নায়েবিয়া দাখিল মাদ্রাসার পিওন মিজানুর রহমানের ওপর ‘ভাই ভাই মাংস ভান্ডার’-এর কর্মচারীদের হামলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে অভিযুক্ত মাংসের দোকানটি উচ্ছেদ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাপেরহাট বাজারের ‘ভাই ভাই মাংস ভান্ডার’-এর সামনে মাত্র ৩ কেজি বরবটি রেখেছিলেন নায়েবিয়া দাখিল মাদ্রাসার পিওন মিজানুর রহমান। দোকানের সামনে সবজি রাখা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মাংস ভান্ডারের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে মিজানুরের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে।
একজন মাদ্রাসা কর্মচারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার খবর পৌঁছালে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে বাজারের শৃঙ্খলার স্বার্থে এবং হামলার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ‘ভাই ভাই মাংস ভান্ডার’ বাজার থেকে উচ্ছেদ করা হয়।

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, তুচ্ছ বিষয় নিয়ে একজন সাধারণ মানুষের ওপর এভাবে চড়াও হওয়া অত্যন্ত গর্হিত কাজ। তবে বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনের আগাম নজরদারি থাকলে এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। মাদ্রাসা কর্তৃপক্ষ ও ইউপি চেয়ারম্যান জানান, অন্যায়ভাবে একজন কর্মচারীকে লাঞ্ছিত করার চরম প্রতিবাদ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
















