
কর্মীদের শেখাতেন পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ আর ‘আত্মপর্যালোচনা’র (মুহাসাবায়ে নফ্স) কঠোর সবক। কিন্তু রাতের আঁধারে নিজের শেখানো সব নৈতিকতার দেয়াল ভেঙে চুরমার করে দিলেন নিজেই। গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব এক তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন এলাকাবাসীর হাতে। শেষ রক্ষা হয়নি; স্থানীয়দের চেপে ধরা উপস্থিত বুদ্ধির মুখে ৭ লাখ টাকা দেনমোহরে ওই তরুণীর সাথেই ছাদনা তলায় বসতে হয়েছে এই ছাত্রনেতাকে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মোঃ আঃ জলিলের বাড়িতে গভীর রাতে অনধিকার প্রবেশ করেন রাকিব। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘেরাও করে এবং ভেতরে আপত্তিকর অবস্থায় তরুণীসহ তাকে হাতেনাতে আটক করে। পরিস্থিতি চরম বেগতিক দেখে রাতভর চলে উত্তেজনা। পরবর্তীতে শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় মাতব্বর ও এলাকাবাসীর মধ্যস্থতায় আঃ জলিলের মেয়ে জুই আক্তারের সাথে ৭ লাখ টাকা দেনমোহর ধার্য করে তার বিয়ে সম্পন্ন করানো হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর গাইবান্ধা জেলা শাখার শীর্ষ দায়িত্বে থাকা মাহ্ফুজ সরকার রাকিব শিক্ষাগতভাবে দাওরায়ে হাদিস, বিএসসি (অনার্স) ও ফাজিল সম্পন্ন করা একজন ব্যক্তি। তার মতো উচ্চ শিক্ষিত ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতার এমন কাণ্ডে তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো জেলাজুড়ে। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে তীব্র নিন্দার ঝড়।
অনুসন্ধানে জানা গেছে, সংগঠনটির জেলা সভাপতি হিসেবে রাকিব নিয়মিত সাধারণ কর্মীদের জন্য আদর্শিক নির্দেশিকা প্রচার করতেন। যেখানে লেখা থাকত— প্রতিদিন জামাতের সাথে সালাত আদায়, নিয়মিত তাহাজ্জুদ পড়া, মার্জিত আচরণ এবং ঘুমানোর আগে ‘মুহাসাবায়ে নফ্স’ বা নিজের কাজের হিসেব মেলানোর তাগিদ। কিন্তু বাস্তবে কর্মী ও অনুসারীদের নৈতিকতার উঁচুমার্গে চড়ার শিক্ষা দেওয়া এই নেতার নিজের জীবনই যে চরম নৈতিক স্খলনে ভরা, এই ঘটনায় তা উন্মোচিত হয়ে পড়েছে।
নেতৃত্বের এমন ভণ্ডামিতে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। তাদের বক্তব্য পরিষ্কার— “যিনি মুখে নীতি ও আদর্শের ফুলঝুরি ছোটাতেন, রাতের আঁধারে তার নিজের আসল রূপ বেরিয়ে পড়েছে। এই ভণ্ডামি সাধারণ তরুণ সমাজের জন্য চরম বিভ্রান্তিকর।”
নিজস্ব প্রতিবেদক 








