
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বড় চমক দেখাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বঙ্গভবনের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নামার স্বার্থে দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির পদ থেকেও তাৎক্ষণিক পদত্যাগ করেছেন টানা এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির মূল কাণ্ডারির ভূমিকায় থাকা এই সিনিয়র নেতা।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের পেছনের পেক্ষাপট তুলে ধরে তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবিধান ও রাজনৈতিক শিষ্টাচারের বিষয়টি টেনে রুহুল কবির রিজভী উল্লেখ করেন, রাষ্ট্রপতি পদে নিরপেক্ষতার বার্তা দিতে প্রার্থী হওয়ার পরপরই মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির অন্যান্য জ্যেষ্ঠ নেতা ও দলের যুগ্ম মহাসচিবেরা উপস্থিত ছিলেন। বিএনপির মূল অভিভাবক হিসেবে পরিচিত ফখরুলের পদত্যাগ ও একই সাথে দেশের সর্বোচ্চ পদে প্রার্থিতার খবরটি ইতিমধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
নিজস্ব প্রতিবেদক 















