
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তির অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলছড়ি থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ দাখিল করেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
অভিযোগপত্রে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সুমন মোল্লা (২৫), বাদশা মোল্লা (৫০), জাহিদ হাসান নয়ন (২৮), ফজলে রাব্বি (২৫), এএসএম রফিকুল ইসলাম (৫৫) এবং শফিকুল ইসলাম ওরফে শফি (৪২)। এছাড়া অভিযোগে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গচিত্র পোস্ট করে কটূক্তি ও মানহানিকর প্রচারণা চালিয়েছেন। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী মাহমুদুল হাসান জানান, পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াতে এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালিয়েছে। জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ফুলছড়ি থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 










