
দেশের প্রান্তিক মানুষের ভাগ্য বদলের স্লোগান নিয়ে কাজ করা এনজিওগুলোর আসল চেহারা কি তবে শোষকের? লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ পানাতিটারী গ্রামে বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক ও সাহেরবানু বেগমের সাথে যা ঘটেছে, তাকে ‘ঋণ আদায়’ বললে শব্দের অপলাপ হবে; এটি স্রেফ একটি ‘ডাকাতি’ বা ‘জুলুম’।
জানা গেছে, সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামক একটি এনজিওর মাঠকর্মী মারুফা, রুবিয়া ও রেজোয়ানা কিস্তির টাকা দিতে দেরি হওয়ায় ওই বৃদ্ধ দম্পতির গোয়ালঘর থেকে তাদের শেষ সম্বল—একমাত্র গরুটি জোরপূর্বক নিয়ে গেছেন। আশ্চর্যের বিষয় হলো, স্থানীয়দের ভাষ্যমতে গরুটি ক্রয়ে সহায়তা করেছিল অন্য একটি এনজিও (ব্র্যাক), অথচ সেই গরু গায়ের জোরে ছিনিয়ে নিয়ে গেল এসডিএফ-এর কর্মীরা।
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো ঋণগ্রহীতা কিস্তি দিতে ব্যর্থ হলে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি এভাবে জোরপূর্বক দখল করার অধিকার কোনো এনজিও বা ব্যক্তি বিশেষের নেই। ঋণ আদায়ের নির্ধারিত আইনি প্রক্রিয়া রয়েছে। কিন্তু আইনের তোয়াক্কা না করে একজন অসহায় বৃদ্ধের একমাত্র উপার্জনের মাধ্যমটি কেড়ে নেওয়া কেবল বেআইনিই নয়, বরং চরম অমানবিক ও মানবাধিকারের পরিপন্থী।
বর্তমান বাজার পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের দুবেলা খেয়ে-পরে বেঁচে থাকা দায়, তখন এনজিওগুলোর এমন ‘জবরদস্তি’ মগের মুল্লুকেরই নামান্তর। কিস্তির টাকার জন্য যারা মানুষের ঘরবাড়ি বা গবাদিপশু কেড়ে নেয়, তারা উন্নয়নের অংশীদার নয় বরং শোষক।
লালমনিরহাট জেলা প্রশাসন ও সদর থানা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে বৃদ্ধ আবু বক্কর সিদ্দিকের গরুটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দিতে হবে।
ক্ষমতার অপব্যবহারকারী মাঠকর্মী ও সংশ্লিষ্ট এনজিওর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ যাতে ভবিষ্যতে আর কোনো এনজিও এমন দুঃসাহস না দেখায় সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা দাবি করেছে স্থানীয় সুধি সমাজ।
২. শাস: প্রান্তিক পর্যায়ে এনজিওগুলোর কার্যক্রম ও ঋণ আদায়ের পদ্ধতি কঠোরভাবে মনিটরিং করতে হবে।
উন্নয়নের আড়ালে যদি সাধারণ মানুষের ওপর এভাবে জুলুম চলতে থাকে, তবে সেই উন্নয়নের কোনো সার্থকতা নেই। এনজিওগুলোর এই স্বেচ্ছাচারিতা এখনই বন্ধ হওয়া উচিত। প্রশাসনের নীরবতা এখানে অপরাধীদের আরও প্রশ্রয় দেবে। আমরা আশা করি, ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।
নিজস্ব প্রতিবেদক 








