
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিদ্দিক হোসেনের (৮২) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বীর এই সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইফফাত জাহান তুলি, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ, জাতি তা চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সিদ্দিক হোসেনের মতো দেশপ্রেমিক সূর্যসন্তানদের অবদান কখনোই বিস্মৃত হবার নয়।”
পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নিজস্ব প্রতিবেদক 















