
গাইবান্ধা শহরজুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা শহর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম এমপি।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রধান সড়কের পুরাতন ব্রীজ এলাকা থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত দুই পাশজুড়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ঝাড়ু ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে জামায়াত ও শিবিরের শতাধিক নেতাকর্মী রাস্তার ময়লা-আবর্জনা অপসারণে অংশ নেন।

উদ্বোধনের পর নিজেই ঝাড়ু হাতে রাস্তায় নামেন এমপি আব্দুল করিম। এ সময় তিনি বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়তে হলে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। সামাজিক সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা, শহর আমীর ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার, শহর শিবিরের সভাপতি মোঃ হুমায়ুন ফারহান সাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নবনির্বাচিত সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকেই বলছেন, জনপ্রতিনিধি নিজে মাঠে নেমে কাজ করায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে।
কর্মসূচি শেষে সাংবাদিকদের এমপি আব্দুল করিম বলেন, “রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়তে চাই। প্রত্যেকে যদি নিজের আঙিনা পরিষ্কার রাখে, তাহলে দেশও পরিচ্ছন্ন হবে।”
নিজস্ব প্রতিবেদক 















