
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ভাড়া বাসা থেকে কবিতা বেগম (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার বীভৎসতা বাড়িয়ে দিয়েছে মরদেহের অদূরে পড়ে থাকা একটি বিচ্ছিন্ন পুরুষ প্রজনন অঙ্গ (পুরুষাঙ্গ)।
শনিবার (২৮ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তাফিজার রহমানের বাসায় এই ঘটনা ঘটে। নিহত কবিতা বেগম সাদুল্লাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবিতা তার স্বামী হারুন মিয়ার সাথে ওই বাসায় ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত শুক্রবার রাতে স্বামী হারুন তার বোন ও ভগ্নিপতিসহ শ্বশুরবাড়ি থেকে কবিতাকে ভাড়া বাসায় নিয়ে আসেন। তবে কৌশলে তাদের ১০ বছরের সন্তান হানিফকে নানার বাড়িতেই রেখে আসা হয়েছিল। শনিবার সকালে স্থানীয়রা বিছানায় কবিতার গলাকাটা দেহ এবং বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ঘটনাটি কেবল হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ নেই, বরং এর সাথে যুক্ত হয়েছে পরকীয়া ও রহস্যময় নানা দিক। বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান,নিহত কবিতার সাথে তার দেবর আনারুলের পরকীয়া সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে। তবে বিচ্ছিন্ন পুরুষাঙ্গটি কার, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে; কারণ দেবর আনারুল বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকে কবিতার স্বামী হারুন, তার বোন, ভগ্নিপতি এবং আনারুলের স্ত্রী—সকলেই পলাতক রয়েছেন।
পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে উদ্ধারকৃত পুরুষাঙ্গটি কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।”
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরওয়ারে আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 









