প্রকাশের সময়:
০২:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৭৩
বার পড়া হয়েছে
উত্তরবঙ্গের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি গোবিন্দগঞ্জ ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের সর্বশেষ অগ্রগতি ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-র চেয়ারম্যানের সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বৈঠক শেষে সংসদ সদস্য তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোবিন্দগঞ্জে প্রস্তাবিত এই ইপিজেডটি সকল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করেই বাস্তবায়ন করা হবে। বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের ভাই-বোনদের অধিকার ও স্বার্থ যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এমপি লিংকন বলেন, “সাঁওতাল সম্প্রদায়সহ স্থানীয় সকল মানুষের স্বার্থ সংরক্ষণ করেই ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জে ইপিজেড হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।
“সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জে এই ইপিজেড বাস্তবায়িত হলে প্রায় ২ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই অঞ্চলের মানুষের প্রত্যাশা, সংসদ সদস্য মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে প্রকল্পটির দ্রুত অনুমোদন ও কাজের সূচনা করবেন।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ তথা উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত মানুষের দারিদ্র্য বিমোচন ও শিল্পায়নের জন্য এই ইপিজেডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রকল্পটি আলোর মুখ দেখলে এটি কেবল গাইবান্ধা নয়, পুরো উত্তরবঙ্গের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।