
রংপুরের মিঠাপুকুরে ধর্ম গোপন করে প্রেমের সম্পর্ক স্থাপন ও এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে সাবেক এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই নেতার নাম মনিরুজ্জামান। তিনি উপজেলার চেংমারী ইউনিয়নের বাসিন্দা এবং ময়েনপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
শনিবার (২৮ মার্চ) অভিযুক্ত মনিরুজ্জামানের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পায়রাবন্দ ইউনিয়নে নির্বাচনী ডিউটিতে যান মনিরুজ্জামান। সেখানে ওই হিন্দু নারীর সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ উঠেছে, মনিরুজ্জামান নিজের ধর্মীয় পরিচয় গোপন করে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের একপর্যায়ে তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক লালসার শিকার বানান।
সম্প্রতি ওই নারী মনিরুজ্জামানের প্রকৃত পরিচয় জানতে পারেন। শুক্রবার বিকেলে মনিরুজ্জামান ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়। ভুক্তভোগী নারী রাতেই বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন।
এদিকে, এই ঘটনার পর মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে সাংগঠনিক অবস্থান পরিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজার রহমান মাসুম জানান, অভিযুক্ত মনিরুজ্জামান ময়েনপুর ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তবে নৈতিক স্খলনজনিত কারণে প্রায় চার মাস আগেই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে ওই ইউনিয়নে মিরাজুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী নারীর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









