প্রকাশের সময়:
১২:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
১২৪
বার পড়া হয়েছে
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গেল শনিবার সন্ধ্যায় হাটখোলা বাজারের ‘মেসার্স জহিরুল চৌধুরী’ নামের একটি দোকানে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত দোকানে কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত ও বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ২০(১) ধারা মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জব্দকৃত ৩ হাজার ৫০০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে স্থানীয় দুজন ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এই তেল নিকটস্থ ফিলিং স্টেশনে নিয়ে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
জেলা প্রশাসক আরও জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দিনব্যাপী সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ফিলিং স্টেশনে ইতোমধ্যে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।