
গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক এই বজ্রপাতের ঘটনায় এক যুবক আহত হয়েছেন এবং একটি গরু ও একটি ঘোড়াও মারা গেছে।
রোববার বিকেল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টির সময় সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই তিন কিশোর-তরুণ বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে তারা সেখানেই লুটিয়ে পড়ে। এ ঘটনায় শামীম (১৮) নামে আরও একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে বজ্রপাতে মানিক হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই চরের শুক্কুর আলীর ছেলে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মানিকের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি এবং তার সাথে থাকা একটি ঘোড়া মারা যায়। এছাড়া একই এলাকায় বজ্রপাতে একটি গরু মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বজ্রপাতে নম্বর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মৃত কছির উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশে ছাগল দেখতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক 

















